বকেয়া বেতনের দাবিতে আবারও রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর পূর্বঘোষিত সময়ের মধ্যে বেতন পরিশোধ না হওয়ায় ইউরোজোন ফ্যাশনের প্রায় ৫০০-৬০০ শ্রমিক সড়কে অবস্থান নেন।
এর আগেও চলতি মাসের শুরুতে একই দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিলেন তারা। সে সময় কর্তৃপক্ষ ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেতন না পেয়ে শ্রমিকরা আবারও সড়কে নেমে আসেন।
শ্রমিকদের এই অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলগামী উভয় লেনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি হয়।
ট্রাফিক বিভাগ গুলশান থেকে জানানো হয়েছে, একইসঙ্গে প্রায় ২০০ শ্রমিক এয়ারপোর্ট রোডে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যান চলাচলে বাধা সৃষ্টি করেছেন।

