সকাল থেকেই রাজধানীতে চলছে ঝিরি ঝিরি বৃষ্টি। এদিকে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঢাকার বাতাসে উন্নতি দেখা দিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৯৭ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। যার অর্থ দাঁড়ায় বাতাসের মান ‘সহনীয়’।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য অনুযায়ী, আজ ১৫৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। ১৫৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং রাজধানী ঢাকা ৯৭ স্কোর নিয়ে ১২তম অবস্থানে রয়েছে।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।
