২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তাদের তালিকাভুক্ত করতে উদ্যোগ নিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। এ জন্য ভুক্তভোগী কর্মকর্তাদের কাছে আবেদনের মূল কপি (হার্ড কপি) আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটির সভাপতির বরাবর পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্রগুলো সরাসরি পাঠাতে হবে সদস্যসচিব, মহাপরিচালক, প্রশাসন ও ব্যবস্থাপনা পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাস ঠিকানায়।
এর আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনা, নৌ ও বিমানবাহিনীর ৪০০ জন বরখাস্ত হওয়া কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে তাঁদের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
তাঁদের দাবি, ব্রিটিশ আমলের ১৮৫৭ সালের আইন অনুসরণ করে অন্যায্যভাবে তাঁদের চাকরিচ্যুত করা হয়। পুনর্বহালের জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
