মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে ‘শিক্ষা ও চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক এক সেমিনার গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনসটিটিউট (আইইবি) এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর। বিশেষ অতিথি হিসেবে আইইবি-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ।
সেমিনারে বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী আজ থেকে ১০ বছর পূর্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ লাভ করছে।
