জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে একটি চক্র সারা দেশে যে গুজব ছড়াচ্ছে আসলে পদ্মা সেতু তো শিবচরেই হচ্ছে, এখানে মানুষের মাথা কাটার মতো কোনো ঘটনা ঘটেনি। আসলে এটি একটি ষড়যন্ত্র। তিনি তাঁর ছোটো বোন ও তাঁর স্বামীর উদ্দেশ্যে বলেন, অতীতে শিবচরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে তাঁরা অনুদান দিয়েছেন। আজও আটটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা অনুদান প্রদান করায় শিবচরবাসীর পক্ষ থেকে আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। শনিবার একটি গুচ্ছগ্রাম উদ্বোধনসহ উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপের ছোটো বোন ড্রাগ ইন্টারন্যাশনালের পরিচালক নিপা চৌধুরী ও তার স্বামী ড্রাগ ইন্টারন্যাশনালের এমডি হায়দার হোসেন এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী। দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে গৃহহীন ৫০টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ।
