বিভিন্ন কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে এই দূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকার বায়ুমান সম্প্রতি কিছুটা উন্নতির দিকে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এই স্কোরকে দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়।
একই সময়ে ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়া, ১৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, ১১১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ১০৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বা বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা 'ভালো' হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে 'মাঝারি' হিসেবে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে 'অস্বাস্থ্যকর' বায়ু হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
