সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবারের সন্তানদের বিবাহ ও চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলাশপুর জোনের সীমান্তবর্তী উত্তর শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশপুর জোন কমান্ডার লে. কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম।
কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশক স্প্রে মেশিনসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়া চারটি দুঃস্থ পরিবার ও প্রতিবন্ধী মেয়ের জন্য বিবাহ অনুষ্ঠানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। এক দরিদ্র শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও কোচিং ফি বাবদ আর্থিক সহায়তা এবং এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্যও অর্থ দেওয়া হয়।
দুর্গাপূজা উপলক্ষে তিনটি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করে বিজিবি। একই সঙ্গে খেদাছড়া ব্যাটালিয়নের উদ্যোগে শান্তিপুর বিওপি এলাকায় দুই শতাধিক জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
লে. কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম উপস্থিত জনতার সঙ্গে কথা বলার সময় অবৈধ সীমান্ত পারাপার, জমি চাষাবাদ এবং গবাদিপশুর অনুপ্রবেশ বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান। মাদকাসক্তি ও চোরাচালান রোধেও সবাইকে সহযোগিতা করার কথা বলেন। তিনি বলেন, বিজিবি ভবিষ্যতেও দরিদ্র পাহাড়ি ও বাঙালি জনসাধারণের পাশে থাকবে।
