বাউফলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ডিলারকে বিএনপি নেতার হুমকি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের চাল তুলতেন স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের দুই নেতা। তারা কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে বিক্রি না করার কারণে কম মূল্যে (প্রতি কেজি ১৫ টাকা) চাল কিনতে পারছেন না কার্ডধারীরা।

বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা ওই ইউনিয়নের ডিলার মো. জাহিদুল হাসান সাবুকে চাল উত্তোলন করে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিক্রির দায়িত্ব দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ডিলারকে হুমকি দেন বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মৃধা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ডিলার জাহিদুল হাসান।

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনজন ডিলার নিয়োগ দেওয়া হয়। তারা হলেন- সুলতান সিকদার, মো. মিজানুর রহমান ও জাহিদুল হাসান। এর মধ্যে সুলতান সিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনি অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন।

২০২৪ সালের ৫ আগস্টের পরে তার নামের চাল বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয় যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মৃধা ও বগা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. মাসুদ সিকদার প্রভাব খাটিয়ে খাদ্য গুদাম থেকে ছাড়িয়ে নিতেন।

অভিযোগ রয়েছে, ওই তালিকাভুক্ত কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে চাল বিক্রি করা হত না। সম্প্রতি এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেন। তদন্তে সত্যতা পেয়ে সুলতান সিকদারের নামের চাল ছাড়িয়ে দরিদ্র কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে বিক্রি করার জন্য একই ইউনিয়নের আরেক ডিলার জাহিদুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তার এমন নির্দেশনার পরে ১১ সেপ্টেম্বর সুলতান সিকদারের অনুকুলে ১৪ মেট্রিকটন ৩১০ কেজি চালের ডিও বাবত জাহিদুল ১ লাখ ৮৬ হাজার ৩০ টাকা খাদ্য অধিদপ্তরে জমা দেন। পরে চাল ছাড়িয়ে তিনি তার গোডাউনে রাখেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কার্ডধারী ৪৭৭ দরিদ্র ব্যক্তির মধ্যে প্রত্যেকের কাছে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে।

এ ঘটনা জানতে পেরে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মৃধা ডিলার জাহিদুল হাসানকে মোবাইল ফোনে হুমকি দেন। এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাহিদুল।

জাহিদুল অভিযোগ করেছেন, সাধারণ ডায়েরী করার পরেও তাকে নিয়মিত দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল মৃধা ও কৃষকদলের নেতা মাসুদ সিকদার। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে স্বেচ্ছাসেবকদল নেতা বাবুল ও কৃষকদলের নেতা মাসুদ সিকদার অভিন্নভাবে বলেন, তারা ডিলার না হলেও চাল ছাড়িয়ে প্রকৃত গরীব মানুষের মধ্যে চাল বিক্রি করেছেন। কোনো অনিয়ম করেননি। জাহিদুলকে হুমকি দেওয়ার কথা তারা অস্বীকার করে বলেন, এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ।

এ বিষয়ে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মৃধা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমাদের দলের ছেলেরা ডিলার সুলতান সিকদারের অনুপস্থিতিতে চাল ছাড়িয়ে প্রকৃত দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিক্রি করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কারসাজি করে ওই ডিলারি ভাগিয়ে নিয়েছে আওয়ামী লীগের আরেক দোসর জাহিদুল।

জাহিদুলকে দেখে নেওয়ার হুমকির কথা অস্বীকার করে তিনি আরও বলেন, বিষয়টি তিনি জাহিদুলের কাছে মোবাইল ফোনে জানতে চেয়েছেন, এর বেশি কিছু না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ‘জাহিদুল নামের এক ডিলার সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও আমিনুল ইসলাম বলেন, ‘সুলতান সিকদার নামের ডিলার নেই। তার চাল অন্য কেউ উত্তোলন করার সুযোগ নাই। তাই জনস্বার্থে প্রকৃত জাহিদুল নামে ওই ইউনিয়নের আরেক ডিলারের মাধ্যমে চাল তুলে প্রকৃত কার্ডধারীদের মধ্যে চাল বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। ডিলারকে হুমকির খবর তিনি জেনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

ইত্তেফাক/এএম