ছেলেধরা গুজবের গণপিটুনি থেকে রেহাই, মঞ্জুয়ারা খুঁজে পেলেন পরিবার

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৬:৩৭

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশ প্রশাসনের চেষ্টায় গণপিটুনি ও ছেলেধরা গুজব থেকে রেহাই পেয়েছেন মানসিক ভারসাম্যহীন মঞ্জুয়ারা বেগম (৪৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেন খোকনের স্ত্রী। শনিবার রাতে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম তাকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন।

জানা গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে মঞ্জুয়ারা বেগম এক বছর ধরে নিখোঁজ রয়েছেন। তার আত্মীয়-স্বজন তাকে বহু খোঁজাখুঁজি ও পত্র-পত্রিকায় নিখোঁজ সংবাদ দিয়ে ব্যর্থ হন। তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী। তাকে কয়েকদিন ধরে হাতে একটি লাল ব্যাগ নিয়ে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। ঘটনার দিন সকালে মঞ্জুয়ারা বেগমকে জিউধরা ইউনিয়নের বাইতলা এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। 

আরো পড়ুন: পাস্তুরিত সব দুধ পাঁচ সপ্তাহের জন্য উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ

জিউধার পুলিশ ফাঁড়ির এসআই রাজেত আলী জানান, মঞ্জুয়ারা বেগমকে জিউধরার বাইনতলা এলাকার প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে ঘুরতে দেখা যায়। এতে তাকে ছেলেধরা সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ অত্র গ্রাম থেকে মঞ্জুয়ারা বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ নানাভাবে খোঁজ লাগিয়ে তার স্বজনদের পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়। পরে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের উপস্থিতিতে খুলনা ৩১ নং ওয়ার্ডে বসবাসরত তার আত্মীয় আনোয়ার হোসেনের মাধ্যমে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ছেলেধরা আতঙ্ক ও গুজবে কান না দেয়ার জন্য উপজেলায় ব্যাপক প্রচারণার কারণেই মঞ্জুয়ারা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রেহাই পেয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ