চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। একইসঙ্গে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। প্রার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে নির্বাচনে অংশ নিতে বিভিন্ন পদের বিপরীতে ব্যাপকসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহসভাপতি (ভিপি) পদে ২৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮ জন, সহ-সম্পাদক পদে ১৬ জন, দপ্তর সম্পাদক ১৮ জন, সহ-দপ্তর সম্পাদক ১৪ জন, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (সংরক্ষিত) ১২ জন, সহ-সম্পাদক (সংরক্ষিত) ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ১১ জন, গবেষণা ও উন্নয়ন ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১৬ জন, যোগাযোগ ও আবাসন ২০ জন, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ১৪ জন, আইন ও মানবাধিকার ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া ২১ জন এবং ৫টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

