বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজার সড়কজুড়ে গর্ত, খানাখন্দ। পিচ, ইট ও পাথর উঠে গেছে অনেক আগেই। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় সূত্র জানায়, বলিপাড়া বাজারে যোগাযোগের প্রধান প্রধান সড়ক এটি। সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া ছোট-বড় গর্তে প্রায়ই উল্টে যাচ্ছে যানবাহন। উপায় না পেয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন তারা। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে দুর্ভোগের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা ও দুর্ভোগ আরও বাড়বে।
স্থানীয় ব্যবসায়ীরাও অভিযোগ করে বলেন, সড়কের এই অবস্থার কারণে বাজারে যাত্রীবাহী বাস আর চলছে না। পণ্য পরিবহনেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২২-২৩ অর্থবছরে ৭০ লাখ টাকা ব্যয়ে থানচি-বান্দরবান সড়কের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্ট থেকে বলিপাড়া বাজার পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক আরসিসি ব্লক দিয়ে নির্মাণ করে। তবে অল্প সময়েই ওই সড়ক বেহাল হয়ে পড়েছে।
থানচি উপজেলা এলজিইডির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু হানিফ জানান, বলিপাড়া বাজার সড়কের নতুন টেন্ডার হচ্ছে। ডিজাইন পরিবর্তন করে আরসিসি ঢালাইয়ের কাজ হবে ক্যাম্প থেকে বাজার পর্যন্ত। সংশোধিত প্রাক্কলন অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।
