‘প্রয়োজনে দিনের বেলায় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে’

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:২৩

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে দলমত নির্বিশেষে সকল নাগরিকদের সচেতন হতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে সচেতন করছেন। প্রয়োজনে দিনের বেলা মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, বিশেষ করে শিশুদের মশারির ভেতর রাখতে হবে।

রবিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে ‘সারা দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ উপলক্ষে সিটি কর্পোরেশন পর্যায়ে গঠিত কমিটির সভায় মেয়র এসব কথা বলেন। 

তিনি বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন, সবাই ঢাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন। দেশে ডেঙ্গু প্রতিরোধে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এ বছর দ্রুত এর প্রকোপ কমাতে হবে। আগামীতে যাতে এভাবে ছড়িয়ে না পরে যেজন্য আগ থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

আরো পড়ুন: ডেঙ্গু জ্বর: ঢাবিতে দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, বিভাগীয় কমিশনার কার্যালয় সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, আরএমপির বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন। 

ইত্তেফাক/জেডএইচ