সাভারে নিখোঁজ তিন কলেজছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:০০

সাভারে ধলেশ্বরী শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর তিন কলেজছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে নামাগেন্ডা পাগলার মোড়ে আকাশ, দুপুর ১২টার দিকে বলিয়ারপুর কোন্ডা এলাকা থেকে মেহেদী হাসান এবং বিকাল তিনটার দিকে রাজনের লাশ উদ্ধার করা হয়। পানিতে ডুবে তিন কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় সহপাঠী, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত কলেজছাত্ররা হলেন- রাজধানীর শেরেবাংলানগর থানার পশ্চিম কাফরুল তালতলা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে রাজন (১৯), রাজধানীর শ্যাওড়াপাড়া পীরেরবাগ এলাকার মো. জাফর আহম্মেদের ছেলে মেহেদি হাসান (১৮) এবং সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার বাবুল আহমেদের ছেলে তৌসিফ আহমেদ আকাশ (১৮)। তারা সবাই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, শনিবার সকালে নিখোঁজ তিন ছাত্রের সন্ধানে ঘটনার পর পরই ডুবুরি দলের সদস্য নিয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের নাম পরিচয় নিশ্চিত হয়ে তাদের স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে।  

উল্লেখ্য, শনিবার সকালে কলেজে পৌঁছাতে দেরি হওয়ায় ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ১২ শিক্ষার্থী সাভারে থাকা সহপাঠী আকাশের বাসায় ঘুরতে আসে। কিন্তু বাসায় না গিয়ে আকাশসহ সব বন্ধুরা মিলে পশ্চিম ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতের টানে মেহেদী, রাজন, আকাশ, জিহাদুল ও মানিক তলিয়ে যেতে থাকেন। এসময় স্থানীয় লোকজন জিহাদুল ও মানিককে উদ্ধার করতে পারলেও মেহেদী, রাজন, ও আকাশ নদীতে তলিয়ে যান।

ইত্তেফাক/জেডএইচ