এআইইউবি-তে দুই দিনব্যাপী ম্যাগনা কার্টা অবজারভেটরি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ক্যাম্পাসে ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী “ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন রেসপন্সিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি: গ্লোবাল পারস্পেকটিভস ফ্রম দ্য ম্যাগনা কার্টা অবজারভেটরি রিসার্চ ইনিশিয়েটিভ” শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সিম্পোজিয়ামের আয়োজন করে এআইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন, নর্থ ম্যাসেডোনিয়া এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও আইকিউএসি পরিচালকসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কারমেন জেড. লামাগনা, সদস্য, বোর্ড অফ ট্রাস্টিজ, এআইইউবি এবং ডেভিড জে. লক, সেক্রেটারি জেনারেল, ম্যাগনা কার্টা অবজারভেটরি। এছাড়া, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য এবং বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ড. হাসানুল এ. হাসান, জনাব ইশতিয়াক আবেদীন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ও প্রতিষ্ঠাতা সদস্যসহ দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিম্পোজিয়ামের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। এছাড়াও, এআইইউবি শিক্ষার্থীরা তাদের বিভিন্ন গবেষণা প্রেজেন্টেশন করবেন।

এই সিম্পোজিয়ামটি উচ্চশিক্ষায় দায়িত্বশীলতা ও সমবায় সম্পর্কের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।

ইত্তেফাক/আইএ