যুবদের ক্ষমতায়নে এডুকো ও ইএসডিও আয়োজন করল চাকরি মেলা ও অ্যাডভোকেসি সভা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮

যুবদের ক্ষমতায়নে চাকরি মেলা ও অ্যাডভোকেসি সভা আয়োজন করেছে এডুকো ও ইএসডিও।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “জব এক্সপো ২০২৫: যুবদের হাতেই ২১ শতকের নেতৃত্ব” শীর্ষক ওই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডুকো বাংলাদেশ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর লিফট প্রকল্পের তত্বাবধায়নে ও চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে মেলায় আয়োজন করা হয়।

মেলায় সিভি জমা পড়ে ৭৪৮টি। এর মধ্যে নির্বাচিত হয়েছে ১৫৩ জন। আর  সরাসরি চাকরি পেয়েছেন ৫৪ জন চাকরিপ্রার্থী। 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন এডুকো বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ। সংস্থাটি জানায়, এটি কেবল একটি চাকরি মেলা ছিল না, ছিল জাতীয় পর্যায়ের একটি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। যেখানে বাংলাদেশের শিক্ষা থেকে কর্মসংস্থান ব্যবস্থার পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একত্রিত হয়েছিলেন। অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্প খাতের স্টেকহোল্ডার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং তরুণ চাকরিপ্রার্থীদের সমাবেশ ঘটে।


অনুষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) সর্ম্পকিত নীতিমালাগত সংস্কারের ওপর গুরত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, যেমন করে যুবসমাজকে চাকরির জন্য প্রস্তুত করতে হবে, তেমনি চাকরির বাজারকেও তাদের গ্রহণ ও সম্পৃক্ত করতে প্রস্তুত থাকতে হবে।
৩০টিরও বেশি দেশী-বিদেশী কোম্পানি এ এক্সপোতে অংশ নেয়। এছাড়াও সিভি লেখার কর্মশালা, মোটিভেশনাল সেশন ও কর্মক্ষেত্র প্রস্তুতির ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। 

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে দক্ষতা উন্নয়ন ও পাঠ্যক্রম সংস্কারে একটি নতুন নীতিগত দৃষ্টিভঙ্গির পক্ষে জোরালো অবস্থান তুলে ধরে এডুকো বাংলাদেশ। শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মশক্তি গড়ে তুলতে, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। নানান সেশনের মাধ্যমে দিনব্যাপী এই জব এক্সপো আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক, মোহাম্মদ শহীদ-উজ জামান।

ইত্তেফাক/আইএ