ট্রাকের চাকায় পিষ্ট সেই ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:৪০

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাত হারানো আবুল কালাম (৫৫) মারা গেছেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আবুল কালামের বাড়ি মান্দা উপজেলার জোনাকি গ্রামে। তিনি পেশায় একজন চানাচুর ব্যবসায়ী।

এর আগে দুপুর দেড়টার দিকে রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী চৌবাড়িয়া গরুহাট সংলগ্ন রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পল্লী চিকিৎসক নাদিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার জীবনে এমন মর্মান্তিক দুর্ঘটনা কখনও দেখিনি। মোটরসাইকেল চালিয়ে চৌবাড়িয়া থেকে বাড়ি যাচ্ছিলেন কালাম। অপরপ্রান্তে খড়িবাড়ী থেকে একটি ট্রাক আসছিল। চৌবাড়িয়া গরুহাটের রাস্তায় ট্রাকটিকে সাইড দেয়ার সময় মোটরসাইকেলের সামনের চাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কালাম গুরুতর আহত হন। পরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

তানোর থানা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করে মান্দা থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ