রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অনুষ্ঠিত হলো 'জিয়া সুইমিং কার্নিভাল'। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেন দেশের শতাধিক সাতারু।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কার্নিভালের প্রথম সিজনে পাঁচটি বিভাগে প্রতিযোগিতা হয়—দুই কিলোমিটার, দেড় কিলোমিটার, এক কিলোমিটার ও ৫০০ মিটার।
নারীদের ৫০০ মিটার বিভাগে প্রথম হন দেশের প্রথম নারী আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া। প্রথম রানারআপ ডা. শাহানাজ আক্তার এবং যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন নাসরিন আক্তার ও অতসী।
সাফল্যের অনুভূতি জানিয়ে ডা. শাহানাজ বলেন, ঢাকায় এমন আয়োজন সচারাচর হয় না। দেশের নদী বাঁচাতে এবং সাতারুদের উজ্জীবিত করতে এমন আয়োজনের বিকল্প নেই। এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত। এই প্ল্যাটফর্মে সাফল্যের পেছনে দায়িত্বশীল ও আন্তরিক প্রশিক্ষণের জন্য বিশেষ সম্মানিত প্রশিক্ষক আল্লামা দিদারকে কৃতজ্ঞতা জানাই।
প্রতিযোগিতা শেষে সকাল ১০টা ৩০ মিনিটে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর মাহমুদ চৌধুরী খসরু। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ক্রীড়াবিদ আমিনুল ইসলাম।
