রায়গঞ্জে তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০১

রায়গঞ্জে রবিবার দুপুরে এক তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফুলজোড় নদীর ধানগড়া ব্রিজের নিচ থেকে পুলিশ বিবস্ত্র অবস্থায় ভাসমান লাশটি উদ্ধার করে।

রায়গঞ্জ থানার এসআই ফরহাদ জানান, মৃতের বয়স আনুমানিক ২০ বছর। ধারণা করা হচ্ছে, তাকে ২৪ ঘণ্টারও বেশি সময় আগে জবাই করে মাথাবিহীন লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। উজান থেকে ভেসে এসে ব্রিজের নিচে আটকে ছিল লাশটি। লাশের ডান কাঁধে কাটা ক্ষত চিহ্ন আছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি না এবং কেন কিভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে বলা যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের কোনো পরিচয় জানা যায়নি। লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।