দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রির জন্য রাখা ৫১টি দুই লিটারের সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে। ঘটনায় জড়িত উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকার লিমন ইসলাম নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৯টি সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়।
টিসিবি ডিলার মো. রেজাউল করিম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি ইউনিয়ন পরিষদ হলরুমে রাখা হয়। পরে ২৬ সেপ্টেম্বর বিকেলে দেখা যায় ৫১ বোতল তেল নেই।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জানালার গ্রিলের পাল্লা সরিয়ে তেলগুলো চুরি করা হয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, আটক যুবককে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। টিসিবির তেল চুরির ঘটনায় তদন্ত চলছে এবং বাকি তেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
