নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে রাস্তার কাজে দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ওই ইউনিয়নের ডুবারচর নামক স্থানে এ ঘটনা ঘটে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় চরহাজারী ইউনিয়নের মহিলা মেম্বার হাজেরা বেগম বাদী হয়ে ৬ জনের নামোল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে
অভিযোগ সূত্রে জানা যায়, চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নুরনবী সড়কের নাছের হুজুরের বাড়ি থেকে বাঁশতলা পর্যন্ত রাস্তার কাজের দায়িত্বে ছিলেন হাজেরা বেগম ও তার স্বামী মিজানুর রহমান। কাজ চলাকালীন সময় স্থানীয় জাহিদ, রাসেল, রাজু, আজাদ, ইব্রাহীম দাউদ ও শাকিলের নেতৃত্বে শ্রমিকদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেয়।
এ সময় মহিলা মেম্বার হাজেরা বেগম ও তার স্বামী মিজানুর রহমান শ্রমিকদের কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করলে সংঘর্ষ বাধে। পরে নামোল্লেখিত চাঁদাবাজরা তাদের ওপর হামলা চালায়। এতে মহিলা মেম্বার হাজেরা বেগমকে হেনস্থা করা হয় এবং তার স্বামী মিজানুর রহমান, আবদুর রহিম ও মো. হাফেজকে পিটিয়ে আহত করা হয়। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্ত জাহিদ দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বরং আমাদের ওপরও হামলা হয়েছে। থানায় অভিযোগ দিতে চাইলে বিএনপি নেতারা বাধা দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
