নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণ নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১

বগুড়ায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৭) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)।

জানা গেছে, রোববার রাত ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে ৬ তরুণ বেপরোয়া গতিতে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। বাঘোপাড়া খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। মৃতদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতদের স্বজনেরা কোনো অভিযোগ না করায় আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইত্তেফাক/এসএএস