এবার টি-২০তে গুরুত্ব দিবেন নির্বাচকরা

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:২৬

নির্বাচক কমিটিতে পরিবর্তনের গুঞ্জন উঠেছিল জোরেসোরেই। শেষ পর্যন্ত অবশ্য মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে নিয়ে গঠিত দুই সদস্যের নির্বাচক কমিটির ওপরই আস্থা রেখেছে বিসিবি। গত শনিবার বোর্ড সভায়, দুই নির্বাচকের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। ২০২০ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের নির্বাচক থাকছেন নান্নু-হাবিবুল।

নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নান্নু। গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করেই এগিয়ে যাবেন তারা। এই ফরম্যাট গুরুত্ব পাবে নির্বাচকদের পরিকল্পনায়। আগামী এক বছর আন্তর্জাতিকভাবেও অনেক টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। যা বিশ্বকাপের জন্য দলটা খুঁজে পেতে সাহায্য করবে নির্বাচকদের।

টি-২০ ফরম্যাটের জন্য ভারসাম্যপূর্ণ দল গঠন করতে সবাইকে নিয়ে কাজ করতে চান নান্নু। গতকাল জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এখানে আমরা সবসময় পিছিয়ে আছি। আগামী দুই বছরের যে চ্যালেঞ্জ আছে সেটা টি-২০ বিশ্বকাপকে ঘিরেই। আশা করি সবাইকে সাথে নিয়ে যদি টিম ওয়ার্ক করতে পারি, তাহলে একটা ফলাফল আসবে।’ ক্রিকেটের ক্ষুদে সংস্করণে বিপিএলই বিসিবির মূল টুর্নামেন্ট। চলতি বছর প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্ট হয়েছে। তার ধারাবাহিকতা থাকলে ভালো কিছু ক্রিকেটার পাওয়ার আশা করছেন প্রধান নির্বাচক। তবে বাংলাদেশের বাস্তবতায় এখনই টি-২০-এর জন্য আলাদা দল গঠন সম্ভব নয়। টি-২০ বিশেষজ্ঞ ক্রিকেটার পেতে সময় লাগবে। নির্বাচকরা তাই দেশের পরীক্ষিত পারফরমারদের দিকেই নজর রাখতে চান।

গতকাল নান্নু বলেছেন, ‘আলাদা স্কোয়াডে এখন যাওয়া সম্ভব নয়। যারা প্রতিষ্ঠিত প্লেয়ার ওদের নিয়েই আমাদের চলতে হয়। আমরা যদি টি-২০ বেশি খেলি তাহলে ঐ ফরম্যাটের প্লেয়ার বাড়বে। এখন ওয়ানডে বেশি খেলছি তাই ওয়ানডে ক্রিকেটার পাচ্ছি। টেস্ট বেশি খেললে টেস্টেও পাব।’