‘এ’ দলের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:২৬

পরিসংখ্যানেও থাকবে সিরিজটা খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু অধিনায়ক ইমরুল কায়েসের মতে, আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ খেলা দলটা বাংলাদেশের আসল ‘এ’ দল নয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও বলতে শোনা গেছে, এই দলটা মূলত এইচপি দল। মানে বাংলাদেশের তৃতীয় সারির দল।

ঘরের মাঠে ঐ দলটাই খাবি খাচ্ছে আফগানদের সামনে। মাঝে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে হুট করে আনা হলেও তারা অপ্রস্তুত অবস্থায়, অনুশীলনের মেজাজেই খেলেছেন বলে দাবি দল সংশ্লিষ্ট সূত্রের। আফগানদের বিরুদ্ধে হোম সিরিজের শেষপ্রান্তে চলে এসেছে বাংলাদেশ ‘এ’ দল। আজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে ইমরুল কায়েসের দল। ম্যাচটা স্বাগতিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামবে ‘এ’ দল। চার ম্যাচ শেষে সিরিজে ২-১-এ পিছিয়ে আছে স্বাগতিকরা। সিরিজ হার এড়াতে আজ জিততেই হবে ইমরুল বাহিনীকে। হারলেই সিরিজ হারের লজ্জা সঙ্গী হবে। জিতলে অন্তত সিরিজ ড্র করার সান্ত্বনা পাবে বাংলাদেশ ‘এ’ দল। বিকেএসপিতে আজ সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ।

চট্টগ্রামে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ সাব্বির-মিঠুনদের নিয়েও। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে ফিরেছিল ‘এ’ দল। বিকেএসপিতে গত শনিবার চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ তাই পঞ্চম ম্যাচে বাংলাদেশ মুখিয়ে থাকবে সিরিজে সমতা ফেরাতে। অন্যদিকে আফগানরা মাঠে নামবে সিরিজ জয় নিশ্চিত করতে। গতকাল দুপুরে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ‘এ’ দল। হেড কোচ হেলমুটের অধীনে নেটে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধিনায়ক ইমরুল। তার মতে, পরে ব্যাট করাই এই সিরিজে জয়ের মন্ত্র হয়ে পড়েছে। আফগানদের বিপক্ষে সিরিজ ড্র করার সম্ভাবনা সম্পর্কে গতকাল বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘এই সিরিজে টসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যারা টস জিতছে, তাদের দিকেই ম্যাচ যাচ্ছে। প্রথমদিকে ব্যাটিং করা কঠিন। কারণ উইকেটে মুভমেন্ট থাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা ইজি। টসটা তাই খুব গুরুত্বপূর্ণ।’ তবে আজও আফগানদের হারানো কঠিন কাজ হবে বলে ‘এ’ দলের জন্য। আফগানদের এই দলটা অনেক শক্তিশালী জানিয়ে ইমরুল বলেন, ‘আফগানিস্তানের দলটা দারুণ শক্তিশালী। তাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী। আমরা দূর থেকে ভাবি যে, আফগানিস্তানের সঙ্গে হারি। ওদের ‘এ’ দলটা দারুণ শক্তিশালী। মূল দল পেলে আমরা ভালো করতাম।’