অ্যাথলেটিক্সে কি আবার কখনো উসেইন বোল্টের মতো কারো আবির্ভাব ঘটবে? এমন কারো কি দেখা মিলবে যিনি ট্র্যাকে নামলেই ৮০ হাজার দর্শক মাতোয়ারা হবেন এবং তাদের চোখের সামনে একের পর এক চোখ ধাঁধানো নৈপুণ্য দেখাবেন? আপাতত উত্তর দৃশ্যত না। যদিও রেকর্ড ভাঙবে গড়বে। কেউ হয়ত বোল্টের চাইতেও দ্রুততায় দৌড়াবেন ১০০ ও ২০০ মিটারে। কিন্তু তারা কি বোল্টের মতো স্টাইল ও দীর্ঘমেয়াদে জ্বলে উঠতে পারবেন। বোল্ট আনন্দচিত্তে অ্যাটলেটিক্স থেকে অবসর নেওয়ার পর এখন বৈশ্বিক সুপারস্টার হিসেবেই জীবনকে দেখছেন, ঘুরছেন ফিরছেন। গত সপ্তাহে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন এই জ্যামাইকান। সেখানে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে তিনি চ্যাম্পিয়ন স্প্রিন্টারের জীবন, তার ফুটবলার হওয়ার চেষ্টা, এমনকি আবার প্রত্যাবর্তনের মতো বিষয়ে কথা বলেন।
আপনি কি প্রতিযোগিতার অভাব বোধ করেন?
হ্যাঁ, আমি অবশ্যই প্রতিযোগিতার অভাব বোধ করি। তবে আমি ট্রেনিংয়ের ব্যাপারটার অভাব বোধ করি না। যদিও নিজেকে ভালো শারীরিক অবস্থায় রাখার জন্য আমি এখনো ট্রেনিংয়ের চেষ্টা করি। তবে সেটা শুধুই জিমকেন্দ্রিক।
তাহলে আপনি সারাদিন কি করেন?
আমি ব্যস্ত থাকার চেষ্টা করি। আমি আমার স্পন্সরদের সঙ্গে কাজ করি। এ মুহূর্তে সেটাই আমার মনোযোগের কেন্দ্রবিন্দু। আমি কয়েক ধরনের ব্যবসার চেষ্টা করছি।
আপনি কাতার বিশ্বকাপে যাবেন?
আমি জানি না। আমি এ ব্যাপারে ভাবছি। সে সময় আমি হয়ত ব্যস্ত থাকতে পারি। তবে আমি অবশ্যই অলিম্পিকে যাব।
পরবর্তী জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার হবেন কে?
আমি সত্যি জানি না। মেয়েরা সত্যি ভালো করছে। শেলি-অ্যান ফ্রেজার-প্রাইচ এখনো ভালো করছে। এলেইন থম্পসন ভালো করছে। ব্রায়ানা উইলিয়ামস নামে আরেকজন আছে। গত মাসে সে তো বিশ্বরেকর্ডের কাছাকাছি সময়ে দৌঁড়িয়েছিল। ছেলেদের মধ্যে কে যে এগিয়ে আসতে যাচ্ছে আমি নিশ্চিত নই।
আমেরিকান নোয়াহ লাইলস সম্পর্কে কিছু বলুন। আপনি কি তাকে দৌড়াতে দেখেছেন?
হ্যাঁ, আমি তাকে দৌড়াতে দেখেছি। আমি তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখেছি। গেল মৌসুমে সে অনেক ভালো করেছে। এ মৌসুমে ভালো করতে শুরু করেছে। আমি মনে করি, সে দেখিয়েছে যে তার মেধা আছে। তবে চ্যাম্পিয়নশিপ এলে আমরা দেখব কি ঘটছে।
আপনি কি কখনো কোচ হবেন?
না, আমি অবশ্যই কোচ হব না। আমার কোচ বলেছিলেন আমি এটা করতে পারব। কিন্তু আমার সে পরিমাণ ধৈর্য আছে বলে মনে করি না।
অস্ট্রেলিয়ার একটি ফুটবল ক্লাবে চেষ্টা চালিয়েছিলেন। ফুটবল ক্যারিয়ারের কি হলো?
আমি সেটা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা কাজ করেনি। সেজন্য আমি তা বাদ দিয়ে এখন ব্যবসা ও আমার স্পন্সরদের প্রতি মনোযোগ দিচ্ছি। তবে আমি প্রতি শনিবার বন্ধুদের নিয়ে একটি সিক্স এ সাইড টুর্নামেন্টে খেলি।
তাইলে জ্যামাইকায় প্রতি শনিবার আপনি ফুটবল খেলছেন?
হ্যাঁ, এটা মাত্র শুরু হয়েছে। আমরা মঙ্গল ও বৃহস্পতিবার সব বন্ধুরা মিলে খেলি। তবে এটা টুর্নামেন্টের মতো।
অনুমান করি আপনি স্ট্রাইকার, আপনি রক্ষণভাগে খেলেন না?
হ্যাঁ। না, তবে দরকার পড়লে আমি রক্ষণভাগে খেলতে পারি।
প্রত্যাবর্তনের সম্ভাবনা কি শূন্য?
আমি অনেক লোকের কাছ থেকে শিক্ষা নিয়েছি। প্রত্যাবর্তনের ব্যাপারটা কখনোই ভালোভাবে কাজ করে না।
