এবার সারার পালা...

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

বলিউডে আরও একজন তারকাকন্যার নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে এ সপ্তাহে। তিনি সারা আলি খান। তারা বাবা সাইফ আলি খান এবং মা অমৃতা সিং। বলিউডে দুজনই জনপ্রিয় এবং নানাভাবে আলোচিত। অমৃতার সঙ্গে সাইফের ডিভোর্স হয়ে গেছে ১৪ বছর আগে। সাইফ-অমৃতার কন্যা সারা বাবা-মায়ের পথ ধরে বলিউডে পা রেখেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘কেদারনাথ’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। হিন্দি সিনেমার অঙ্গনে তারকাপুত্র-কন্যাদের নায়ক-নায়িকারূপে আবির্ভাব নতুন নয়। জনপ্রিয় ও বিখ্যাত তারকাপুত্র বা কন্যারা একটু বড় হয়ে উঠলেই তাদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়, নায়ক বা নায়িকা হিসেবে রুপালি পর্দায় তাদের আত্মপ্রকাশের নানা খবর চাউর হতে থাকে। সাইফ-অমৃতা তনয়া সারা পড়াশোনা করেছেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে। ২০১৬ সালে গ্র্যাজুয়েশন করেন। তবে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই শোনা যাচ্ছিল বলিউডে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশের নানা গুঞ্জন। শোনা গিয়েছিল, শহিদ কাপুরের ছোট ভাই ইশান খাট্টারের বিপরীতে মোহিত সুরি পরিচালিক একটি বিগ বাজেটের রোমান্টিক মুভির মাধ্যমে সারা আলি খানের অভিষেক ঘটবে বলিউডে। পরে আবার শোনা গিয়েছিল, পরিচালক-প্রযোজক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমায় নায়িকা হয়ে আসছেন সারা। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির নায়িকা হিসেবে অবশেষে দর্শকদের সামনে আসছেন বলিউডের এই আলোচিত নতুন মুখ। এ বছরেই, বেশ কয়েকমাস আগে বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবি কাপুর। ‘ধাড়াক’ ছবিতে জাহ্নবিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। আর এবার রুপালি পর্দায় হাজির হচ্ছেন সারা আলি খান। যদিও তার অভিনীত ‘কেদারনাথ’ ছবির কাজ জাহ্নবির ‘ধাড়াক’-এর আগে শুরু হয়েছিল। মাঝখানে নানা জটিলতার কারণে সারা অভিনীত প্রথম ছবির কাজ বেশ কিছুটা বিলম্বিত হয়েছে।

সারা আলি খানের বাবা ও মা যেগেতু বলিউডের বিখ্যাত ও জনপ্রিয় তারকা, তাই সবাই কন্যার মাঝে বাবা-মায়ের ছায়া খুঁজতে ব্যস্ত হয়ে উঠেছে। সারার দাদি শর্মিলা ঠাকুরও একসময় হিন্দি সিনেমার দাপুটে অভিনেত্রী ছিলেন। মা অমৃতা সিং, দাদি শর্মিলা ঠাকুর ও ফুপু সোহা আলি খান বলিউডে অভিনেত্রী হিসেবে বিচরণ করেছেন। তাদের পথ ধরে সারাও এসেছেন অভিনয়ে। তার অভিনেত্রী হওয়ার আকাঙ্ক্ষাও ছিল প্রবল। সব মিলিয়ে বলিউডে সারার আগমনটা হঠাত্ ঘটে যাওয়া কিছু নয়। সারার অভিনয়ে আসাটা অনিবার্য ছিল। যদিও সিনেমায় নায়িকা হিসেবে আবির্ভূত হতে বেশ কসরত করতে হয়েছে তাকে। ৯৬ কেজি ওজনের স্থূল ফিগার নিয়ে অনেকটাই বিব্রত ও অস্বস্তিতে ছিলেন সাইফ কন্যা। তবে এখন ২৪ বছর বয়সী ঝকমকে তরুণী সারা আলি খানকে নিয়ে সবাই দারুণ উচ্ছ্বসিত। তরুণ প্রজন্মের দর্শকদের এরমধ্যেই আলোড়িত ও আবিষ্ট করতে সক্ষম হয়েছেন তিনি। ‘কেদারনাথ’ ছবির ট্রেলার দেখে সবাই সারার প্রেমে বুঁদ হয়ে গেছেন। বলিউডে সবাই তার অভিষেকের অপেক্ষা করছেন অধীরভাবে। জাহ্নবির পর বলিউডে এবার সারার পালা এসেছে। সবার প্রশ্ন, সাইফ-তনয়া কি শ্রীদেবী-কন্যাকে ছাড়িয়ে যেতে পারবেন সাফল্য অর্জনের প্রতিযোগিতায়?

সারা অভিনীত প্রথম সিনেমা ‘কেদারনাথ’ মুক্তির দুই সপ্তাহ না পেরোতেই তার আরও একটি সিনেমা ‘সিম্বা’ মুক্তি পাবে চলতি মাসেই। একজন নবাগতা নায়িকাকে দ্বিতীয় সিনেমা মুক্তির জন্য অনেক সময় কয়েক বছর অপেক্ষা করতে হয় সেখানে এক মাসেই তার আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে। ‘কেদারনাথ’ ছবিতে সারা নায়ক হিসেবে পেয়েছেন সুশান্ত সিং রাজপুতকে। ওদিকে ‘সিম্বা’ ছবিতে তার নায়ক রণবীর সিং। দুটি ছবিতে ভিন্ন ধাঁচের দুটি চরিত্রে অভিনয় করেছেন সারা। তার দৃঢ় প্রত্যাশা, ‘দুটি ছবিতেই দর্শক আমাকে পছন্দ করবে। বিশেষ করে ‘কেদারনাথ’ ছবির চিত্রনাট্য যখন আমি প্রথম পড়তে শুরু করেছিলাম, আমি এতটাই আলোড়িত হয়েছিলাম যে আপ্লুত ছিলাম অভিনয়ের সময়ও। অভিনীত চরিত্রটি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। দর্শক আমার কাজ দেখে খুশি হবেন আশা করছি।’ চলতি বছরের সেরা নতুন মুখের নায়িকা হিসেবে বিবেচিত হবেন সারা আলি খান, অনেকেই ধারণা করছেন।