সুশীল মালাকার
শেরপুর প্রতিনিধি
রবীন্দ্রনাথের কালজয়ী গান আর নৃত্যের তালে গত ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে শেরপুর পৌরসভার ১৫০ বছরপূর্তি উপলক্ষে ৬ মাসব্যাপী অনুষ্ঠানমালা। আগামী ২০১৯ সালের ১ এপ্রিল এ পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ১৮৬৯ সালের ১ এপ্রিল নয় আনী জমিদার হরচন্দ্র চৌধুরীর প্রচেষ্টায় শেরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
স্থানীয় শহীদ দারগ আলী পৌর মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে শ্বেত কপোত উড়িয়ে উত্সবের শুভসূচনা করেন। উদ্বোধনের পর শেরপুর পৌরসভার মেয়র ও সার্ধশত বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদরে হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের এমপি আতিউর রহমান আতিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, নৌপরিবহন সচিব আব্দুস সামাদ, বাংলাদেশ মত্স উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট চন্দন কুমার পাল, এলজিইডির প্রকল্প পরিচালক এ কে এম রেজাউল ইসলাম প্রমুখ।
সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে স্থানীয় ও শেরপুরের বাইরে থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পরে চোখ ধাঁধানো আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে প্রথমদিনের অনুষ্ঠান শেষ হয়। পরের দিন একইমঞ্চে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫০ বছরপূর্তি উপলক্ষে পৌর এলাকায় বিপুলসংখ্যক তোড়ন স্থাপন ও ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
