চট্টগ্রামে সাকিবের সংবর্ধনা কাল

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২২:০০

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে সংবর্ধনা দেওয়া হবে। টাইগারদের  টেস্ট জয়ের প্রথম ভেন্যু এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৪টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটি। অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সাকিবকে ‘নগর চাবি’ উপহার দেবেন।

এ উপলক্ষে গতকাল রবিবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলী আব্বাস অনুষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, ৮২তম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু এম এ আজিজে ভারতের মহেন্দ্র সিং ধোনি ও বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজার অভিষেক হয়েছিল এ ভেন্যুতে। বিশ্বখ্যাত অনেক ক্রিকেটারের পদচারণায় ধন্য এম এ আজিজে সাকিবের সংবর্ধনা ইতিহাসের অংশ হয়ে থাকবে। গ্যালারির চারপাশে বড়ো পর্দায় এ অনুষ্ঠান দেখানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গিয়াস উদ্দীন, সিজেকেএস কর্মকর্তা আমিনুল ইসলাম, দিদারুল আলম চৌধুরী, আবদুল হান্নান আকবর, জসিম উদ্দিন, দিদারুল আলম প্রমুখ।