গাছ কাটা ফৌজদারি অপরাধ: ফরহাদ মজহার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৬:৫৯

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, আজ এখানে যে গাছ কাটা হয়েছে, এটা মারাত্মক অপরাধ। শুধু একটি গাছ নয়—এটা আশ্রয় ছিল বহু পাখি, প্রাণী, এমনকি আমাদের সাধনা ও স্মৃতিচারণার। এই গাছের সঙ্গে জড়িয়ে আছে মাজারের স্মৃতি, আমাদের ভক্তি ও সাধনার ইতিহাস, পাগলের আশ্রয়, প্রকৃতির পাখি ও প্রাণী। এই গাছ কেটে আপনারা অপরাধ করেছেন। এটা ফৌজদারি অপরাধ, এর বিচার হবে।’

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর মিরপুর-১ নম্বর শাহ আলীর মাজারে শতবর্ষী বটগাছ কাটা এবং সারা দেশে মাজারে হামলার প্রতিবাদে সেই আহত গাছের গোড়ায় আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বহু প্রাণী ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত (বিলুপ্তির ঝুঁকিতে)। এই গাছ কাটার মধ্য দিয়ে আপনারা সেই প্রাণীদের আশ্রয় ধ্বংস করেছেন।

তিনি বলেন, আমাদের পরিবেশমন্ত্রী, আমাদের সবার প্রিয় রেজা আপা—তিনি জানেন এই গাছ কতটা গুরুত্বপূর্ণ ছিল। হাজার বছর ধরে এখানে মানুষ জিকির করেছে, আল্লাহর নাম নিয়েছে। আল্লাহর সৃষ্টি—গাছ, পাখি, বাতাস—এসব যারা বোঝে না, তারা ইসলামের ধারার বাইরে চলে যায়।’

ফরহাদ মজহার বলেন, ‘আপনারা কোন সাহসে এই গাছ কাটলেন? আমরা তো এখানেই অনুষ্ঠান করেছি, সরকারের তিনজন উপদেষ্টা এসে এখানে বক্তব্য দিয়েছেন। আপনারা সেই উপদেষ্টাদেরও অসম্মান করেছেন, তাদের আসাকে অপমান করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বন্ধুও এখানে এসে শুনেছিলেন, বিস্মিত হয়েছিলেন—কীভাবে গান-সংগীত বন্ধ করা হলো। অথচ আমরা আবার সেই গান-সাধনা শুরু করেছিলাম। আপনারা কেন তা বন্ধ করলেন? এটার উত্তর আপনাদের (মাজার কর্তৃপক্ষকে) দিতে হবে।’

ইত্তেফাক/এমএএস