বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, দেশকে অশান্ত করতে মিথ্যাচার ও গুজব সৃষ্টির প্রতিবাদে এবং গুজব রটনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল রবিবার মানববন্ধন কর্মসূচি পালন করে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তৃতায় খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বিএনপি-জামায়াত অত্যন্ত সুকৌশলে বিভিন্নভাবে গুজব ও মিথ্যাচার দিয়ে দেশ, জাতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। অতীতে অনেকেই আওয়ামী লীগ এবং বাংলাদেশকে নিয়ে নানামুখী গুজব ও মিথ্যাচারের মাধ্যমে ষড়যন্ত্র করেছে। এসব গুজব, মিথ্যাচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ও দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান, এমডিএ বাবুল রানা, প্যানেল মেয়র আলী আকবর টিপু, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর লুত্ফুন নেছা লুত্ফা, রনজিত কুমার ঘোষ, অসিতবরণ বিশ্বাস, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর কনিকা সাহা, নয়মী বিশ্বাস সাথী, এস এম আসাদুজ্জামান রাসেল প্রমুখ।
