সুমুদ ফ্লোটিলা থেকে আটক গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন মুক্ত — পাঠিয়েছে গ্রিস ও স্লোভাকিয়ায়

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২০:৪৪

ইসরায়েল গাজা ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৭১ জনকে মুক্তি দিয়েছে—তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরায়েলের কর্মকর্তা উপস্থিতদের মুক্তি দিয়ে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠিয়েছে বলে জানানো হয়েছে। খবর বিবিসির

মুক্তিপ্রাপ্তদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

ঘটনাটি এমন এক মুহূর্তে ঘটল যখন মিশরে গাজার উপর যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। হামাসের প্রতিনিধিদলের সদস্যরা ইতিমধ্যেই মিশরে পৌঁছে গেছেন এবং ইসরায়েলের প্রতিনিধিদেরও মিশরে যাওয়ার কথা রয়েছে—বৈঠকগুলোর মধ্যদিয়ে দুই বছর ধরে চলমান গাজা সংঘাতের অবসান নেয়া সম্ভব হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ‍্যমে লিখেছেন, ‘আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হবে; আমি সবাইকে দ্রুতগতিতে অগ্রসর হতে বলেছি।’

হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়া, যাকে লক্ষ্য করে গত মাসে কাতারের দোহায় হামলা চালিয়েছিল ইসরায়েল। তিনি রোববার মিশরে পৌঁছেছেন বলে জানা গেছে।

তবে এ প্রক্রিয়ার পাশাপাশি মানবিক কাজে সমন্বয়ই মূল কথা—রেড ক্রস জানিয়েছে, তারা হামাসের কাছ থেকে বন্দি ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে এবং গাজায় ত্রাণ পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে।

ইত্তেফাক/এএম