আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বাংলাদেশ, ভারতসহ বাঘের বসবাস আছে এমন দেশগুলোতে বাঘের বংশবৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে আজ দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের সুন্দরবন অংশে গত তিন বছরে বাঘের সংখ্যা ১০৬ থেকে বেড়ে বর্তমানে ১১৪ টিতে দাঁড়িয়েছে। অর্থাত্, তিন বছরে সুন্দরবনের বাঘ বেড়েছে আটটি। চলতি বছরের ২২ মে সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে ১১৪টি বাঘ রয়েছে বলে ক্যামেরা ট্র্যাকিং জরিপে উঠে এসেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই তিন বছরে বাঘের এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে বনদস্যুদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা এবং চোরা শিকারিদের দৌরাত্ম্য হ্রাস পাওয়ায় বাঘের সংখ্যা বেড়েছে বলে জানায় বন বিভাগ। তবে তিন বছরে মাত্র আটটি বাঘ বাড়াকে সংখ্যায় খুব একটা বেশি নয় বলে জানান বিশেজ্ঞরা। তারা বলছেন, সুন্দরবনই হচ্ছে এশিয়ার মধ্যে রয়েল বেঙ্গল টাইগারসহ বন্য প্রাণীর বৃহত্তম আবাসভূমি। বন বিভাগ রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমিকে তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ করতে পারেনি। সুন্দরবনকে বন্য প্রাণীদের জন্য নিরাপদ করা গেলে দ্রুত বাঘের সংখ্যা বাড়বে। বর্তমানে সুন্দরবনে ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী রয়েছে।
