ব্যারিস্টার নাজমুল হুদাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:২৮

সোয়া ৩ কোটি টাকা ঘুষ দাবি করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে করা মামলার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেন।

ব্যারিস্টার নাজমুল হুদা সাংবাদিকদের বলেন, তার করা মামলার বিষয়ে বক্তব্য দিতে দুদক তাকে তলব করেছিল। দুদকের সেই নোটিশ পেয়ে  তিনি দুদকে হাজির হয়েছেন। নাজমুল হুদা বলেন, ‘২০১৭ সালে সোয়া ৩ কোটি টাকা ঘুষ দাবি করেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। সে সময় তিনি আমাকে বলেছিলেন, টাকা না দিলে আমার বিরুদ্ধে করা সব কটি মামলার রায় বিপক্ষে যাবে। ঘটনার তারিখ ছিল ২০ জুলাই। ঐ দিন দুপুরে খাসকামরায় ডেকে ঘুষ দাবি করেন তিনি।’

উল্লেখ্য, সোয়া ৩ কোটি টাকা ঘুষ দাবি করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ১ অক্টোবর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা।