জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার শুনানি হবে। তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ দিন ধার্য করে দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানান। এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
কায়সার কামাল জানান, হাইকোর্ট বলেছিল এই মামলার নথি নিম্ন আদালত থেকে আসা সাপেক্ষে জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করবে। নিম্ন আদালতের নথি এসেছে। এরপরই আমরা জামিন শুনানির দিন ধার্যের আবেদন করেছি। তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করবে বলে আমরা আশা করছি।
গত বছরের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই সাজা দেওয়া হয় মামলার অপর তিন আসামিকেও। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করেন। ওই আপিলে জামিন চেয়ে খালেদা জিয়া আবেদন করেন। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা রয়েছে। এই মামলায় নিম্ন আদালতের দেওয়া ৫ বছরের সাজা বৃদ্ধি করে ১০ বছর করেছে হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন।
