ঘুসসহ হাতেনাতে আটক নির্বাহী প্রকৌশলী

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:৪০

বাড়ির বরাদ্দপত্র বুঝিয়ে দেওয়ার জন্য ঘুস গ্রহণকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার রাতে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ঘুসের ৬০ হাজার টাকাসহ হাতেনাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

দুদক সূত্র জানায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামের একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর অতিক্রান্ত হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিল দিনাজপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ভুক্তভোগী তাদের বারবার অনুরোধ করলে নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ বরাদ্দপত্র প্রদানের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা ঘুস দাবি করেন। অভিযোগকারী দুদকের শরণাপন্ন হলে দুদকের এনফোর্সমেন্ট টিম রাত সাড়ে ৮টার দিকে ৬০ হাজার টাকা নগদ ঘুস গ্রহণকালে দেলোয়ার হোসেনকে আটক করে।