ইন্দোনেশিয়া-জাপানের যৌথ উদ্যোগে বাংলাদেশে আসছে আলফামার্ট

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২১:৪৩

বাংলাদেশের রিটেল বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’, যা ইন্দোনেশিয়ার আলফামার্ট, জাপানের মিত্সুবিশি কর্পোরেশন এবং বাংলাদেশের কাজী ফার্মস গ্রুপের একটি যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান।

আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড দেশের বিভিন্ন অঞ্চলে রিটেল চেইন স্টোর খুলে ভোক্তাদের জন্য সহজলভ্য ও আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়।

প্রথম ধাপে এই প্রকল্পে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আসবে এবং দ্বিতীয় ধাপে বিনিয়োগ বাড়িয়ে ৭০ মিলিয়ন ডলারে উন্নীত করা হবে।

যৌথ উদ্যোগের অংশীদার কারা?

আলফামার্ট (ইন্দোনেশিয়া): বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় ৩০,০০০টি স্টোর পরিচালনা করছে। মিত্সুবিশি কর্পোরেশন (জাপান): জাপানের বৃহৎ ‘সোগো শোশা’ প্রতিষ্ঠান, যারা ১৭,০০০টির বেশি লসন স্টোর পরিচালনার পাশাপাশি ইউনিক্লোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডে বিনিয়োগ করে আসছে। কাজী ফার্মস গ্রুপ (বাংলাদেশ): দেশের অন্যতম বৃহৎ ভোক্তা খাদ্য পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন: কাজী জাহিন হাসান, পরিচালক, কাজী ফার্মস গ্রুপ। বুদিয়ান্ত জোকো সুশান্ত, প্রতিনিধি, আলফামার্ট ইন্দোনেশিয়া। হিরোশী ওয়েগাকী, প্রতিনিধি, মিত্সুবিশি কর্পোরেশন, জাপান। 

সরকারি পর্যায়ের অতিথিদের মধ্যে ছিলেন: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ইত্তেফাক/এএম