আনন্দ রায় নামের একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ কারণে রাজধানীর বাহিরে লালমনিরহাটেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতংক। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আনন্দ রায় (১৬) লালমনিরহাটের আদিতমারী উপজেলার আরাজি দেওডোবা গ্রামের কামিনী রায়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক বছর থেকে আনন্দ ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ঢাকা থেকে কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আশার পর জ্বরে আক্রান্ত হন আনন্দ। পরে পরিবারের লোকজন শনিবার বিকেলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর চিকিৎসক রোগ নির্ণয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেন। পরীক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে।
হাসপাতালের বিছানা খালি না থাকায় আনন্দকে বর্তমানে মেডিসিন ওয়ার্ডের মেঝেতে রেখেই চিকিৎসা চলছে।
লালমনিরহাট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. গোলাম মোহাম্মদ জানান, ‘ডেঙ্গু রোগীটি বর্তমানে ভালো আছে। সে ঢাকা থেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এসেছে।’
তিনি আরও জানান, ‘ডেঙ্গু রোগ পরীক্ষার ব্যবস্থা সদর হাসপাতালে নেই। তবে জেলা শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এই রোগের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে।’
এদিকে লালমনিরহাটে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাশেম আলী বলেন, 'হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক মোঃ আবু জাফর সাংবাদিকদের বলেন, 'সারা দেশের ন্যায় লালমনিরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, শহরাঞ্চল, ইউনিয়ন পরিষদ সবখানেই এই কার্যক্রম চলমান রয়েছে।। এ কার্যক্রম আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।’
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ১
তিনি আরও জানান, ডেঙ্গু রোগ পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য বিভাগকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
