ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ও এনভোলিড লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি যৌথভাবে জলবায়ু প্রযুক্তি উদ্ভাবন, বাস্তবায়নের প্রাথমিক নকশা তৈরি, গবেষণা কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ, তহবিল সংগ্রহ, পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং দ্বিপাক্ষিক কৌশলগত পরামর্শ ও বিশেষজ্ঞ সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর মিরপুরে অবস্থিত সিসিডিবি-এর প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে স্থানীয় প্রেক্ষাপটে প্রয়োজনীয় যথাযথ জলবায়ু প্রযুক্তিভিত্তিক সমাধান প্রদানের যে স্বপ্ন এনভোলিড ও সিসিডিবি লালন করে, তা বাস্তবায়নের পথ আরও সুগম হবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সম্প্রদায়গুলোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, তরুণদের জলবায়ু উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু লক্ষ্যসমূহ অর্জনের সুযোগ ত্বরান্বিত হবে।
সিসিডিবির মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এবং এনভোলিডের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার সমন্বয়ে এই অংশীদারিত্ব দীর্ঘমেয়াদী কার্যকর ফলাফল বয়ে আনবে বলে উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনভোলিড লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা মোরশেদুল বারী, পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা তানিয়া নূর এবং নির্বাহী কর্মকর্তা (ইনোভেশন অ্যান্ড সাসটেইনিবিলিটি) মো. আবু রাহাত উপস্থিত ছিলেন।
সিসিডিবি’র পক্ষে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার, উপ-নির্বাহী পরিচালক চন্দন চার্লস গোমেজ এবং কমপ্রিহেন্সিভ পোভার্টি রিডাকশন প্রোগ্রাম (সিপিআরপি)-র প্রধান জর্জ অশিত সিনহাসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
