শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:০৮

রাজধানীর উত্তরায় অবস্থিত শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দ্বিতীয় ভবনে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও ফিতা কাটা অনুষ্ঠানের মাধ্যমে। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্তর স্বপ্ন এক ধাপ এগিয়ে গেল—এমনটি উল্লেখ করে বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভবনের বাকি নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নতুন এই ভবনের অন্তর্ভুক্ত অংশে স্থাপন করা হয়েছে এএমএমটি বিভাগের সুইং ল্যাব ও ডিসপ্লে সেন্টার, কম্পিউটার ল্যাব, ফাইন আর্টসের পেইন্টিং ল্যাব ও ক্যান্টিন। এখানেই বিভিন্ন প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ আহসানুল কবীর, বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চীনা ও বাংলাদেশি পরিচালক জাংশি ফ্লিপ ও মহিউদ্দিন তাহেরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জুলাই শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ২৩ জানুয়ারি দ্বিতীয় ভবনের নির্মাণকাজের শুভ সূচনা হয়। উত্তরা ১৭ নম্বর সেক্টরের লেক সংলগ্ন ৩.৭ বিঘা জমিতে নির্মিত এই ১০ তলা ভবনটি দেশের প্রথম ফ্যাশন, ডিজাইন ও অ্যাপারেল বিশেষায়িত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের আধুনিক স্থায়ী ক্যাম্পাস হিসেবে গড়ে উঠেছে। এর আগে, ২০২১ সালের ৪ ডিসেম্বর থেকে ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হয়।

ইত্তেফাক/এএইচপি