যুগ্ম সচিব পদমর্যাদার এক ভিআইপির জন্য অপেক্ষমান ফেরিতে থাকা অবস্থায় মারা যাওয়া নড়াইলের কালিয়ার স্কুল ছাত্র তিতাসের বাড়িতে চলছে শোকের মাতাম। গত তিন দিনেও থামেনি তার স্বজনদের আহাজারি। মা সোনামনি ঘোষের আহাজারিতে উপজেলার বড়কালিয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। মৃত বরনকারি তিতাস ওই গ্রামের মৃত তাপস ঘোষের ছেলে ও কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্কুল ছাত্র তিতাসের মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে সোমবার সকালে তিতাসের বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা কালিয়া সদরে মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে তিতাসের বাড়িতে গেলে তার বোন তানিষা ঘোষ অভিযোগ করে বলেছেন, গত ২৪ জুলাই তিতাস একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা। পরদিন ২৫ জুলাই তাকে ঢাকায় নিতে রাত ৮টায় অ্যাম্বুলেন্স নিয়ে কাঠালবাড়ি ১ নম্বর ফেরি ঘাটে পৌছান স্বজনরা।
আরও পড়ুন : পুতিনের সমালোচককে ‘অজ্ঞাত রাসায়নিক উপাদান প্রয়োগ’
এ সময় ঘাট কর্তৃপক্ষ জানায়, একজন ভিআইপির আত্মীয় বিয়ের অনুষ্ঠানে যাবেন, তাকে নিয়ে যেতে আপাতত ফেরি চলাচল বন্ধ। ভাইয়ের আশঙ্কাজন অবস্থার কথা ঘাট কর্তৃপক্ষসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান তানিষা ঘোষ। তাতেও লাভ হয়নি। রাত ১১টার দিকে ওই ভিআইাপর আত্মীয়রা এলে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু নদীর মাঝপথে ফেরিতেই তিতাসের মৃত্যু হয়।
ফেরি আটকে ভাইয়ের চিকিৎসায় ব্যাঘাত সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তানিষা। এদিকে পুত্র শোকে নির্বাক তিতাসের মা সোনামনি ঘোষ। বাড়িতে থাকা ছেলের ব্যবহৃত পোষাক বুকে নিয়ে কখনও নীরবে চোখের পানি ফেলছেন। আবার কখনও চিৎকার করে আহাজারি করে চলেছেন তিনি।

সাংবাদিক পরিচয় পেতেই হাউমাউ করে কাঁদতে থাকেন সোনামনি ঘোষ। ছেলের চিকিৎসায় বাধা সৃষ্টির জন্য দায়ীদের বিচারও দাবি করেছেন তিনি।
অপরদিকে তিতাসের বিদ্যালয়সহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোও ফুসে উঠেছে। তিতাসের মৃত্যুতে দায়ীদের বিচার দাবিতে সোমবার সকাল ১১টার দিকে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী, সহকারি শিক্ষক দেব কুমার ঘোষ, তরুন কান্তি মল্লিক, সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জামান হোসেন জন, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছমিন জনি প্রমুখ।
ইত্তেফাক/কেআই
