বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মাস্তুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গাজায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রমনা এলাকায় পুনাক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে গাজার যুদ্ধ-বিধ্বস্ত মানুষের সহায়তায় মানবিক অর্থ সহায়তা মাস্তুল ফাউন্ডেশনকে হস্তান্তর করেন পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গাজার ক্ষতিগ্রস্ত মানুষ, বিশেষত নারী ও শিশুদের সহায়তা প্রদান করা।
পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন বলেন, মানবতার সেবাই আমাদের মূল অঙ্গীকার। গাজার বর্তমান চরম দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গাজার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. কামরুজ্জামান। তিনি বলেন, পুনাকের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। ২০২৪ সাল থেকে মাস্তুল ফাউন্ডেশন গাজার যুদ্ধাহত মজলুম পরিবারদের পাশে দাঁড়িয়ে খাদ্য, চিকিৎসা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে। আমরা বর্তমানে সেখানে দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পেও কাজ করছি, যাতে যুদ্ধের পরিণতিতে ক্ষতিগ্রস্ত মানুষেরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
