যশোরে চোরাকারবারিদের বোমা হামলায় গুরুতর জখম বিজিবির হাবিলদার আকমল হোসেন প্রায় ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকালে মারা গেছেন। ২৬ জুলাই রাতে শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে টহলরত অবস্থায় তিনি বোমা হামলার শিকার হন। তিনি খুলনার ২১ বিজিবির অধীন পাঁচ ভুলোট ক্যাম্পে কর্মরত ছিলেন।
২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ২৬ জুলাই সন্ধ্যায় তারা গোপনে জানতে পারেন ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে আসছে চোরাকারবারিরা। খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা রাত ৮টার দিকে পাঁচভুলোট সীমান্তে টহল দিতে থাকেন। একপর্যায়ে চোরাকারবারিরা সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে বোমা হামলা করলে হাবিলদার আকমল হোসেন গুরতর জখম হন।
আরও পড়ুন : দক্ষিণী ছবি দিয়ে অভিষেক হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ানের!
তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে যশোর সিএমএইচ ও পরে হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। নিহত বিজিবি সদস্যের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দকোমরপুর গ্রামে। তিনি স্ত্রী, ৩ কন্যা ও একপুত্র সন্তান রেখে গেছেন। বিজিবি সদর দপ্তরে প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ গ্রামে পাঠানো হবে।
ইত্তেফাক/কেআই
