সুন্দরবনের বন ও জলদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. ফারুক খাঁকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দুইটি অত্যাধুনিক পাইপগান ও ১৪ রাউন্ড এলজি গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত রবিবার রাতে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার খোনাগ্রামের বুলবুল ব্রিকস সংলগ্ন ঢাকী এলাকায় অভিযান চালায়। এ সময় নদীর উত্তর পাড়ে আবুলের ইট ভাটার পরিত্যক্ত ঘরের পাশে অস্ত্র ও গুলিসহ অবস্থানকালে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. ফারুক খাঁকে ২টি অত্যাধুনিক পাইপ গান ও ১৪ রাউন্ড এলজি কার্তুজসহ গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের মো. আব্দল গফুর খাঁ ওরফে গহর খাঁ’র ছেলে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. লুৎফর রহমান বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: সেন্ট্রাল কন্ট্রোল রুম গঠন করে মশা মারার কার্যক্রম মনিটরিং করুন: নাসিম
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন নদীতে মাছ শিকার করতে যাওয়া জেলে ও বাউয়ালীদের অস্ত্রের মুখে অপহরণ করে তাদের কাছে থেকে চাঁদা আদায়সহ সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বনদস্যু জোনাব বাহিনীর সদস্য ফারুক খাঁ’র কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎসসহ অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে
