ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়ার পরামর্শ এরদোয়ানের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৫৮

মধ্যপ্রাচ্যের বৃহত্তর শান্তির সমাধান খুঁজতে বিশ্বনেতারা যখন একত্রিত হয়েছিলেন, সেই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে ‘তামাকের বিরুদ্ধে যুদ্ধের জন্য’ একটি নতুন লক্ষ্য খুঁজে পান। 

গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’–এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোয়ান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন।

ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোয়ানকে মেলোনির উদ্দেশে বলতে শোনা যায়, 'আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।' 

এ সময় তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যিনি এরদোয়ানের কথা শুনে হেসে উঠে বলেন, 'এটা অসম্ভব!' জবাবে মেলোনি বলেন, 'ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা করতে চাই না।'

উল্লেখ্য, মেলোনি তার সাক্ষাৎকারের একটি সিরিজের ওপর ভিত্তি করে লেখা এক বইতে স্বীকার করেছেন যে, ধূমপান তাকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদসহ বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে সহায়তা করেছে। 

অন্যদিকে, তুরস্ককে ধূমপানমুক্ত ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/টিএইচ