বিয়েতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

হবিগঞ্জের চুনারুঘাটে বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বিয়ের দাওয়াতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন, রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশু পরিবারের সঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি তদন্তাধীন।

ইত্তেফাক/আরজেড/এএম