ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাঁজা সেবন করে ব্যাটারি চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন মো. অন্তর মিয়া (২৪) নামের এক যুবক। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত অন্তর মিয়া উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গলকুন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে আঠারবাড়ী ইউনিয়নের রাজিবপুর গ্রামের ইজিবাইকচালক মুজিবুর রহমানের বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েন অন্তর। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেন এবং পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন। তিনি বলেন, ‘মাদক সেবন করে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, স্থানীয়রা অন্তরের ওপর ক্ষিপ্ত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। পরিস্থিতি শান্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, অন্তর মিয়া এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত। সে বিভিন্ন সময় চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে অন্তত ১০-১২ বার জেল খেটেছে।
