স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জয় করা বসুন্ধরা কিংস এখন উত্সবের অপেক্ষায়। দুই ম্যাচের প্রথমটিতে জিতে ঢাকার বাইরের ভেন্যুগুলোর সব ম্যাচ শেষ করল বসুন্ধরা কিংস।
গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বসুন্ধরা ২-০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট পেল। আগামী ৩ আগস্ট ঢাকার মাঠে বসুন্ধরার শেষ লড়াই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সেদিনই আতশবাজির বর্ণিল উত্সবে আকাশ রাঙাতে চায় লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা।
বসুন্ধরা কিংস পেশাদার ফুটবল লিগের নবাগত দল। অভিষেকেই দারুণ চমক দিয়ে ট্রফি নিশ্চিত করেছে। আগামীতে আরো শক্তিশালী দল গঠনের কথাও জানিয়েছে তারা। এএফসি কাপ ফুটবলেও খেলার প্রস্তুতি নিচ্ছে। তাদের আফসোস হচ্ছে লিগে অপরাজিত থাকার গৌরব নিতে না পারা। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে একমাত্র গোলে হারের কারণে তাদের অপরাজিত শিরোপা জয় হলো না। দলটি শেষ পর্যন্ত মোহামেডানের বিপক্ষে (১-১) ড্র করে শিরোপা পায় নীলফামারীতে। কাল ময়মনসিংহে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জয় পেতে অনেক বাধা এসেছিল। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে জয় নিয়ে ঢাকার পথে রওয়ানা হয় বসুন্ধরা।
ময়মনসিংহে জয়ের নায়ক রাশিয়া বিশ্বকাপ ফুটবলে খেলা ফরোয়ার্ড ড্যানিয়ের কলিন্দ্রেস। এই ফুটবলারই কাল দর্শনীয় গোল দুটি করেন। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে কলিন্দ্রেসের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। দ্বিতীয় গোলটিও হয়েছে একই পরিস্থিতিতে। খেলার শেষ বাঁশির আগে যোগ হওয়া সময়ে আবার সেই কলিন্দ্রেসের গোল।
অধিনায়ক জামাল ভুঁইয়া এদিন মাঝ মাঠে ছিলেন না। তিনি দুই ম্যাচ আগে রেফারি সম্পর্কে সমালোচনার কারণে সাসপেন্ড হওয়ায় এদিন মাঠে নামতে পারেননি।
সাইফ হারলেও বারবার বসুন্ধরাকে ঠেকানোর চেষ্টা করেছে। বিশেষ করে বসুন্ধরার আক্রমণ ঠেকাতে মরিয়া ছিলেন সাইফের গোলকিপার শেখ সাইফুল ইসলাম। একাধিক আক্রমণ ঠেকিয়ে এ গোলকিপার নজর কেড়েছেন। ১৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল বসুন্ধরা। দলের ৬৫ লাখ টাকার ফুটবলার ইমন বাবু পেনাল্টি মারলেন আর সাইফের গোলকিপার ঠেকিয়ে দিলেন।
গোলরক্ষকের এমন দৃঢ়তার পরও সাইফের আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। এতো বড়ো দলের বিপক্ষে ম্যাচে ফেরার সুযোগ পাওয়া যায় কমই।
পেনাল্টি মিস হওয়ায় বসুন্ধরা ধরে নিয়েছিল কপালে খারাপ কিছু আছে। ইমন বাবুর দেওয়া বলটা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসুয়্যস হেড করলে সেটি ঠেকিয়ে দেন সাইফের গোলকিপার সাইফুল। কিরগিজ ফরোয়ার্ড বখতিয়ারের চেষ্টা থামিয়ে দেন সাইফের গোলকিপার। কিন্তু সেটাকে দুমড়ে মুচড়ে দিয়ে জয় তুলে নেয় বসুন্ধরা।
বিরতির বাঁশি বাজার আগে কলিন্দ্রেসের গোল সবার মুখে হাসি ফোটায় ১-০। দ্বিতীয়ার্ধে মুষলধারে বৃষ্টি নামলেও খেলা বন্ধ থাকেনি। ভারী বর্ষণেও দারুণ খেলে গেছে বসুন্ধরা। এর ফাঁকে সুযোগ পেলেও সাইফ ব্যর্থ হয়েছে। শেষ মুহূর্তে সবুজের ক্রস হতে অধিনায়ক কলিন্দ্রেস দারুণ একটা হেড করে বল জালে রাখেন ২-০। সাইফ ২৩ খেলায় ৪৪ পয়েন্ট পেয়ে তিন নম্বরে রয়েছে। শেষ খেলায় হারলেও তিন নম্বরেই থাকবে।
আজকের খেলা :
ব্রাদার্স ও বিজেএমসি। ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
