দুই উপাচার্যকে আজীবন সম্মাননা দিল ছাত্রকল্যাণ ট্রাস্ট ও এটিএন বাংলা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২০:২০

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে “শিক্ষাক্ষেত্রে চলমান সংকট এবং সমাধান” শীর্ষক এক আলোচনা সভা এবং আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর এটিএন বাংলা স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজন স্বনামধন্য শিক্ষাবিদকে “আজীবন সম্মাননা স্মারক” প্রদান করা হয়। 

সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদরা হলেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী।

অনুষ্ঠানের আয়োজন করে এটিএন বাংলার “সময়ের সাথে” অনুষ্ঠান এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “সময়ের সাথে” অনুষ্ঠানটির পরিচালক এবং এডুকেশন ওয়াচ-এর সম্পাদক মো. খলিলুর রহমান।

সম্মাননা গ্রহণকালে শিক্ষাবিদগণ বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের শিক্ষা ও সমাজ উন্নয়নের কাজে আরও উৎসাহিত করবে। আজীবন অবদানের স্বীকৃতি শুধু তাদের নয়, বরং এটি দেশের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতার একটি উজ্জ্বল নিদর্শন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট-এর এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ইত্তেফাক/এএইচপি