বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২১:২৭

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন হারের তেঁতো স্বাদ পায় টাইগ্রেসরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এমন ম্যাচে অজিদের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। 

এই জয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা। 

Rubya Haider plays the pull, Australia vs Bangladesh, Women's World Cup, Visakhapatnam, October 16, 2025

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অজিদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটি করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন দুই ওপেনার রুবাইয়া ঝিলিক ও ফারজানা হক। ২৪ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরে যান ফারজানা। 

Sobhana Mostary punches one straight down the ground, Australia vs Bangladesh, Women's World Cup, Visakhapatnam, October 16, 2025

এরপর ক্রিজে আসা শারমিনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ঝিলিক। দলীয় ৭২ রানে ৫৯ বলে ৪৪ রান করে আউট হন এই ওপেনার। ঝিলিকের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। অজিদের পক্ষে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহাম নেন ২টি করে উইকেট।     

Alyssa Healy and Phoebe Litchfield got off to rapid start, Australia vs Bangladesh, Women's World Cup, Visakhapatnam, October 16, 2025

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার।

তাদের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার। মারমুখি ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন হিলি। 

Alyssa Healy notched up her second consecutive hundred, Australia vs Bangladesh, Women's World Cup, Visakhapatnam, October 16, 2025

তাদের ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়েই ১৫১ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হিলি ৭৭ বলে ১১৩ ও লিচফিল্ড ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। এই হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। 

ইত্তেফাক/জেডএইচ