রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর প্রতিবাদ ও ৫০০ টাকা করার দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রাবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারা চার দফা দাবি জানান। দাবিগুলো হলো- আবেদন ফি ৫০০ টাকায় সীমাবদ্ধ করতে হবে, একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন পদ্ধতি বাতিল করতে হবে এবং নতুন বিভাগ খুলতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মেহেদী হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, আইইআর বিভাগের খন্দকার নাসিম, তানজিম প্রমুখ।
