শুরুর আগেই ভারত সিরিজ শেষ গ্রিনের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:০২

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তার জায়গায় দলে ডাক পেয়েছেন মার্নাস লেবুশানে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নামেন কিছুটা ইনজুরিতে থাকা গ্রিন।  ডান পাশে হালকা ব্যথা অনুভব করেন গ্রিন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মেডিকেল টিমের পরামর্শে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

এক বিবৃতিতে সিএ জানিয়েছে, ‘ইনজুরি থেকে সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন গ্রিন। অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডে খেলার চেষ্টা করবেন তিনি।’

শেফিল্ড শিল্ডে খেলছেন ওয়ানডে দলে ফেরা লেবুশানে। কুইন্সল্যান্ডের হয়ে সর্বশেষ ৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন তিনি। দুই ইনিংস ব্যাট করে মাত্র ২ রান করায় দল থেকে বাদ পড়েন লেবুশানে।

Cameron Green kept up Australia's momentum from No. 3, Australia vs South Africa, 3rd ODI, Mackay, August 24, 2025

অস্ট্রেলিয়ার  হয়ে এখন পর্যন্ত ৬৬ ওয়ানডেতে ১ হাজার ৮৭১ রান করেছেন লেবুশানে। আগামী ১৯ অক্টোবর থেকে পার্থে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া ও ভারত।

ইত্তেফাক/জেডএইচ